Header Ads

মার্চে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে ফিরছেন সাকিব আল হাসান

জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে বাংলাদেশ দলে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে বিসিবি। তবে ঠিক কবে সাকিবকে আবারো দেখা যাবে বাংলাদেশের জার্সিতে? বিসিবির চাওয়া, আসছে মার্চেই যেন সাকিবকে আবারো জাতীয় দলে ফেরানো যায়। আর তা সাকিবের বিদায়ী সিরিজ নয়, বোর্ডের চাওয়া আরও অনেক দিন খেলে যাবেন এই অলরাউন্ডার।





দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে বিসিবি পরিচালক আসিফ আকবরের উদ্বৃতিতে বলা হয়েছে, ‘এ ব্যাপারে আমাদের বোর্ড সভাপতি সরকারের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা আশা করছি, আগামী মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজেই সাকিবকে আবার জাতীয় দলে দেখতে পাব।’


৫ আগস্ট ২০২৪ এর পর সাকিব আর দেশে আসেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলতে চেয়েও খেলতে পারেননি। পাকিস্তান ও ভারত সফরের পর জাতীয় দলের জার্সিও আর গায়ে চাপানো হয়নি, অবসরকেন্দ্রিক পরিকল্পনাও ভেস্তে গেছে। 


সম্প্রতি সাক্ষাৎকারে সাকিব জানান, 'ভালোভাবে একটা সিরিজ খেলে অবসর নেওয়ার ঐ ইচ্ছাটা আমার এখনও আছে। এ কারণেই ক্রিকেট এখনও খেলে যাওয়া। একটা সিরিজ খেলে যদি শেষ করতে পারি আমার কাছে ভালো লাগবে।'


এরপর গত ২৪ জানুয়ারি বিসিবি সভায় সাকিবকে ফেরানোর সিদ্ধান্ত হয়। দুই বোর্ড পরিচালক আমজাদ হোসেন ও আসিফ আকবর জানিয়েছিলেন, বোর্ডের পক্ষ থেকে সরকারের কাছে সাকিবকে চাওয়া হয়েছে। সাকিবকে দেশের মাটিতে অবসর দেওয়ার সুযোগও দেওয়া হবে। তবে সাকিব যদি দীর্ঘ সময় ধরে খেলতে চান, সেই সুযোগও আছে। বোর্ড সাকিবকে আরও লম্বা সময়ই চাইছে।


প্রথম আলোকে আসিফ আকবর বলেন, ‘আমরা চাই সাকিব দেশের হয়ে আবার খেলুক এবং সেটা এই পাকিস্তান সিরিজ থেকেই। তার আসার সুযোগটা আগে তৈরি হোক। এরপর সে খেলা চালিয়ে যাবে কি না, সেটা তার সিদ্ধান্ত।’


মার্চের শেষদিকে শুরু হবে পাকিস্তান সুপার লিগ। তার আগে পাকিস্তান জাতীয় দল বাংলাদেশে এসে খেলবে তিনটি ওয়ানডে। পিএসএল শেষে মে মাসে এসে খেলবে দুটি টেস্ট। সব কিছু ঠিকঠাক থাকলে, মার্চে ওয়ানডে সিরিজ দিয়েই সাকিব ফিরতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ