Header Ads

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে যত টাকা জরিমানা হবে পাকিস্তানের!

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে বড় ধরনের আর্থিক ও ক্রীড়াবিষয়ক ঝুঁকির মুখে পড়তে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির একটি সূত্রের বরাতে জানা গেছে, শুধুমাত্র একটি ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিলেই পাকিস্তানের কাছ থেকে প্রায় ৩৮ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা আদায় করতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৬৫ কোটি টাকা।


আরও দেখুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ২০টি দলের সম্পূর্ণ স্কোয়াড

আইসিসি সূত্র জানায়, বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি বোর্ড টুর্নামেন্ট শুরুর আগেই ‘মেম্বার পার্টিসিপেশন এগ্রিমেন্ট’-এ স্বাক্ষর করে থাকে। এই চুক্তির আওতায় নির্ধারিত সব ম্যাচে অংশ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সেই চুক্তি লঙ্ঘন করে যদি পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে, তাহলে আইসিসি আইনগত ও আর্থিক উভয় ধরনের পদক্ষেপ নিতে পারে।

শুধু একটি ম্যাচ নয়, যদি পুরো টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় পিসিবি, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। সে ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এতে ভবিষ্যতে আইসিসির টুর্নামেন্ট ও দ্বিপাক্ষিক সিরিজে অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে।

আরও দেখুন: বিপিএল নিয়ে নিজের মনের কথা বললেন জিমি নিশাম 

এদিকে বিষয়টি নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মধ্যেও স্পষ্ট মতভেদ দেখা যাচ্ছে। সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফ বাংলাদেশের নিরাপত্তাজনিত উদ্বেগকে গুরুত্ব না দেওয়ার বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন। তবে ভিন্নমত পোষণ করেছেন দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

ওয়াসিম আকরামের মতে, অন্য কোনো দল খেলতে না চাইলে তার দায় পাকিস্তানের কাঁধে পড়ে না। তিনি বলেন,
“বাংলাদেশ যদি না খেলতে চায়, তাহলে পাকিস্তান কেন বিশ্বকাপ বয়কটের কথা ভাববে? এখন আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত ক্রিকেটে মনোযোগ দেওয়া এবং বিশ্বকাপ জয়ের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া।”

বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে বয়কটের সিদ্ধান্ত কেবল মাঠের বাইরের ইস্যু নয়, এটি পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যতের ওপরও বড় প্রভাব ফেলতে পারে।

আরও দেখুন: বাংলাদেশের সাথে আয়ারল্যান্ডের গ্রুপ বদল করতে না চাওয়ার কারণ যেটি!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ