Header Ads

থাইল্যান্ডকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল। সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলা কার্যত নিশ্চিত করে ফেলেছে টাইগ্রেসরা।


গ্রুপ পর্ব থেকে চার জয়ের সুবাদে ৪ পয়েন্ট ক্যারি করে সুপার সিক্সে ওঠে বাংলাদেশ। সেই ক্যারি করা পয়েন্টের কারণে বিশ্বকাপের মূল পর্বে পৌঁছাতে এক পা আগেই রেখেছিল বাংলার মেয়েরা। থাইল্যান্ডের বিপক্ষে জয়ের মাধ্যমে সেই অপেক্ষার অবসান হলো।

গ্রুপ ‘এ’ থেকে চার ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই সুপার সিক্সে আসে বাংলাদেশ। একই গ্রুপ থেকে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রও সুপার সিক্সে জায়গা করে নেয়। গ্রুপ পর্বে এই দুই দলকেই হারানোয় বাংলাদেশ তাদের বিপক্ষে পাওয়া ৪ পয়েন্ট সঙ্গে করেই সুপার সিক্সে খেলা শুরু করে।


টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ২০টি দলের সম্পূর্ণ স্কোয়াড


সুপার সিক্সে প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে বর্তমানে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে থাইল্যান্ড রয়েছে টেবিলের তলানিতে, তাদের পয়েন্ট শূন্য। বাকি দুই ম্যাচ জিতলেও থাইল্যান্ডের সর্বোচ্চ পয়েন্ট হবে ৪, যা বাংলাদেশের সমান হওয়ার সুযোগ নেই। ফলে বিশ্বকাপে বাংলাদেশের জায়গা প্রায় নিশ্চিতই।

তাত্ত্বিকভাবে কিছু জটিল সমীকরণ থাকলেও বাস্তবে বাংলাদেশকে টপ ফোরের বাইরে ঠেলে দেওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বর্তমানে বাংলাদেশের নেট রান রেট +১.১৫০, যা সুপার সিক্সে অংশ নেওয়া দলগুলোর মধ্যে সেরা। বিপরীতে যুক্তরাষ্ট্রের নেট রান রেট সবচেয়ে খারাপ, –০.৯২৫। এমনকি বাংলাদেশ বাকি সব ম্যাচ হারলেও নেট রান রেটে বড় ধস নামার আশঙ্কা খুবই কম।

৫ দলের পয়েন্ট সমান ৬ হয়ে যাওয়ার বিরল পরিস্থিতি ছাড়া অন্য যেকোনো ফলেই সেরা চারের মধ্যে থেকেই সুপার সিক্স শেষ করবে বাংলাদেশ। আর বাছাইপর্ব থেকে বিশ্বকাপের মূল পর্বে উঠবে সেরা চার দলই। সে হিসেবে টাইগ্রেসদের বিশ্বকাপ খেলা নিশ্চিত বলেই ধরা হচ্ছে। তাছাড়া বাকি দুই ম্যাচের যেকোনো একটিতে জয় বা একটি ম্যাচ পরিত্যক্ত হলেও আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।


ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে যত টাকা জরিমানা হবে পাকিস্তানের! 


এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত রয়েছে বাংলাদেশ নারী দল। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার সিক্সে পা রাখে টাইগ্রেসরা। গ্রুপ ‘বি’ থেকে সুপার সিক্সে উঠেছে নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও থাইল্যান্ড।

বর্তমানে সুপার সিক্সে লড়াই করছে ছয় দল। সেখান থেকে সেরা চার দল আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। আর সেই তালিকায় বাংলাদেশের নাম লেখা হয়ে গেছে বললেই চলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ