নানান বিতর্কের জন্ম দিয়ে মুস্তাফিজুর রহমানকে আইপিএলের স্কোয়াড থেকে সরিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। তাদের এমন সিদ্ধান্তের কয়েক দিন পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) তাদের অফিসিয়াল ফেসবুকে পেজে মুস্তাফিজের ছবি আপলোড দিয়ে ক্যাপশনে লিখে, 'মুস্তাফিজুর রহমান- পিএসএলের নতুন যুগে স্বাগত।'
বাংলাদেশের তারকা পেসার আইপিএলের সময় পিএসএল খেলবেন সেটা প্রায় নিশ্চিতই ছিল। তবে মুস্তাফিজ কোন দলের হয়ে খেলবেন সেটার নিশ্চয়তা ছিল না। টুর্নামেন্টের গত মৌসুমে না খেলায় নিয়ম অনুযায়ী বাঁহাতি পেসারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ ছিল ফ্র্যাঞ্চাইজিদের। গুঞ্জন আছে, মুস্তাফিজকে পাওয়ার জন্য লড়াই করেছে দুইটি ফ্র্যাঞ্চাইজি।
যেখানে লাহোর কালান্দার্সের সঙ্গে লড়াই হয়েছে পেশাওয়ার জালমির। যদিও লড়াইয়ে জিতে মুস্তাফিজকে দলে টেনেছে লাহোর। ৬.৪৪ কোটি পাকিস্তানি রুপিতে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে পিএসএল খেলবেন তিনি। বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা পারিশ্রমিক পাবেন মুস্তাফিজ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লাহোর ফ্র্যাঞ্চাইজি।
বিবৃতিতে লাহোর বলেছে, 'আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান, যাকে ২০১৬ এবং ২০১৮ সালে নেওয়া হয়েছিল, এখন আমাদের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ এবং অবশেষে পরিবারে ফিরে এসেছেন। একবার কালান্দার, সবসময় কালান্দার।'
ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পিএসএলে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ। এর আগে ২০১৮ সালে লাহোরের হয়েই পিএসএলে খেলেছিলেন বাঁহাতি পেসার। সেবার ৫ ম্যাচে ৬.৪৩ ইকনোমি রেটে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। যদিও পিএসএলের সময়ে আইপিএল খেলার কথা ছিল মুস্তাফিজের। তবে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের অবনতি হওয়ায় দেশটির জনগনের তোপের মুখে তাকে ছেড়ে দেয় কলকাতা।
পিএসএলে দল পাওয়া বসে থাকতে হচ্ছে না মুস্তাফিজকে। বাংলাদেশের তারকা পেসার ছাড়াও লাহোরের হয়ে খেলবেন শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ নাইম, সিকান্দার রাজা ও আব্দুল্লাহ শফিক। তাদের ৪ জনকেই রিটেইন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নিলাম। পিএসএল শুরু হবে ২৩ মার্চ। সবশেষ কয়েক মৌসুমে ছয়টি দল খেললেও আগামী আসর থেকে নতুন করে যুক্ত হচ্ছে শিয়ালকোট স্ট্যালিয়ন্স ও কিংসম্যান হায়দরাবাদ।
%20(1).jpg)
0 মন্তব্যসমূহ